কলেজছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জাতীয়
কলেজছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৬

জমি সংক্রান্ত বিরোধের জেরে কলেজছাত্র শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই নারীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তারাকান্দা উপজেলার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত সাতজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া দুই নারীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মামলার বিবরণে জানা গেছে, নিহত ইকবাল ময়মনসিংহ নগরীর একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। ২০২১ সালের ৩১ মে রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

নিখোঁজের পাঁচ দিন পর স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে উঠে আসে, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করে মরদেহ গোপন করা হয়।

পরবর্তীতে নিহতের পরিবারের দায়ের করা মামলায় পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষ জানায়, হত্যার পর ঘটনাটি আড়াল করতে মরদেহের ওপর বিভিন্ন উপকরণ ফেলে রাখা হয়েছিল, যাতে কেউ সন্দেহ না করে।

এই রায়ের মাধ্যমে আলোচিত এ হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।