১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

জাতীয়
১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার
নিউজ ডেস্ক
২২ এপ্রিল ২০২৬

দীর্ঘ এক দশক পর বহুল আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলী আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেপ্তারকৃতকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক তারিকুল ইসলাম জানান, হাফিজুর রহমানকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরে কুমিল্লা আদালতে উপস্থাপন করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে চলতি মাসের ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার অনুমতি চান। সন্দেহভাজনদের মধ্যে রয়েছেন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় এখন পর্যন্ত প্রায় ৮০টি শুনানি অনুষ্ঠিত হয়েছে। গত ১০ বছরে চারটি সংস্থার অধীনে সাতজন তদন্ত কর্মকর্তা মামলাটি তদন্ত করেছেন।

শুনানির সময় নিহত তনুর বাবা-মা এবং তার ছোট ভাই রুবেল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর মরদেহ ২০১৬ সালে কুমিল্লা সেনানিবাস এলাকায় উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে দীর্ঘদিন আন্দোলন চলে।