সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল দেবে সরকার: ধর্মমন্ত্রী
দেশের সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার বহন করবে বলে জানিয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রতিটি মডেল মসজিদের জন্য সর্বোচ্চ ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সরকারিভাবে পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। এর বেশি বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট মসজিদ কমিটিকে দান-অনুদানের মাধ্যমে অতিরিক্ত ব্যয় মেটাতে হবে।
সংসদে বিরোধীদলীয় সদস্য শেখ মনজুরুল হক রাহাদ-এর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এদিকে, অপর এক প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী জানান, বর্তমানে দেশের ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে মোট ৪ হাজার ৯০৮টি মসজিদের প্রায় ১৪ হাজার ৭২৪ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকার থেকে মাসিক ভাতা দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রশ্ন তুলেছিলেন রফিকুল ইসলাম হিলালী।
সরকারের এ উদ্যোগ মডেল মসজিদগুলোর পরিচালন ব্যয় কমাতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


