‘জাল ও ভুয়া সনদের অভিযোগে ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা’

জাতীয়
‘জাল ও ভুয়া সনদের অভিযোগে ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা’
নিউজ ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬

জাল ও ভুয়া সনদের অভিযোগে দেশের বিভিন্ন কলেজের ৩৩০ জন প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস-এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) নিয়মিত পরিদর্শন ও নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন অনিয়ম উদ্ঘাটন করে থাকে। এসব অনিয়মের মধ্যে জাল সনদে শিক্ষক নিয়োগসহ আর্থিক দুর্নীতির বিষয়ও রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, ডিআইএ-এর প্রতিবেদনের ভিত্তিতে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তদন্ত প্রতিবেদনের আলোকে ২০২ জন প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এর মধ্যে এমপিওভুক্ত ৭৪ জন শিক্ষকের বেতন-ভাতা ২০২৩ সালের জুলাই থেকে স্থগিত করা হয়েছে। বাকি ১২৮ জন এমপিওবিহীন প্রভাষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট গভর্নিং বডির মাধ্যমে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, ভবিষ্যতেও শিক্ষা খাতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।