মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে প্রশাসনকে আরও দক্ষ, স্বচ্ছ ও সেবামুখী হতে হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, অতীত অভিজ্ঞতা প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার সবসময় একটি প্রশিক্ষিত ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে উদ্যোগী ছিল এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
২০২৪ সালের গণআন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এতে জনগণের ক্ষমতার বিষয়টি পুনরায় প্রতিফলিত হয়েছে। জনগণ দীর্ঘদিন ধরে জবাবদিহিমূলক ও কল্যাণমুখী শাসনব্যবস্থা প্রত্যাশা করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠান শেষে তিনি ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


