চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি

জাতীয়
চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি
নিউজ ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬

তীব্র তাপপ্রবাহের মধ্যে বিদ্যুৎ সংকট কিছুটা কাটতে পারে বলে আশা করা হচ্ছে। এপ্রিলের শেষ নাগাদ জাতীয় গ্রিডে অতিরিক্ত প্রায় ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানান, চলতি মাসের মধ্যেই ভারতের আদানি পাওয়ার, চট্টগ্রামের এসএস পাওয়ার এবং পটুয়াখালীর আরএনপিএল থেকে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

তিনি বলেন, এসব কয়লাভিত্তিক কেন্দ্রের কিছু ইউনিট বন্ধ থাকলেও নতুন করে কয়লা সরবরাহ শুরু হওয়ায় সেগুলো দ্রুত চালু করা সম্ভব হবে। পায়রা সমুদ্রবন্দরে কয়লাবাহী জাহাজ পৌঁছালে উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিপিডিবি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৬ এপ্রিল থেকে আদানি পাওয়ার থেকে প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। অন্যদিকে ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল যৌথ উদ্যোগ থেকে ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হতে পারে।

বর্তমানে তাপমাত্রা বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা বিদ্যুৎ ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

বিপিডিবির তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল ১৪ হাজার ১৯৬ মেগাওয়াট, যেখানে শনিবার চাহিদা বেড়ে দাঁড়ায় প্রায় ১৬ হাজার ৯০০ মেগাওয়াটে। চলতি গ্রীষ্ম মৌসুমে চাহিদা ১৭ হাজার থেকে ১৮ হাজার ৫০০ মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ অবস্থায় বিদ্যুৎ বিভাগ জানায়, বাড়তি চাহিদা মেটাতে এলএনজি, হেভি ফুয়েল অয়েল (এইচএফও) এবং কয়লা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরবরাহ ঘাটতির কারণে কিছু এলাকায় লোডশেডিং অব্যাহত রয়েছে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে রাজধানী ঢাকাকে লোডশেডিংয়ের বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে।