ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, সাম্প্রতিক ভারত সফরে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ-এর প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও স্বাভাবিক করার ওপর জোর দেওয়া হয়।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ বিষয়ে খুব শিগগিরই দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে।
দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক সম্মান, আস্থা ও ঐতিহাসিক বন্ধনের ভিত্তিতে গড়ে উঠেছে। বর্তমান সরকার এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে কাজ করছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, সার্বভৌম সমতা ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করা হচ্ছে।


