এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ

জাতীয়
এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ
নিউজ ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬

গণপরিবহন দুর্ঘটনায় প্রাণহানি কমাতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্দেশনায় এসি বাসে জরুরি বহির্গমন (ইমার্জেন্সি এক্সিট) ব্যবস্থা নিশ্চিত করা এবং নন-এসি বাসের জানালায় থাকা স্টেইনলেস স্টিলের রড অপসারণ বাধ্যতামূলক করা হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, দুর্ঘটনার সময় দ্রুত বাস থেকে বের হতে না পারার কারণেই অনেক প্রাণহানি ঘটে। তাই যাত্রীদের নিরাপদে বের হওয়ার সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক, ফেরিঘাট পারাপার বা রেলক্রসিং অতিক্রমের সময় দুর্ঘটনায় পড়লে অনেক ক্ষেত্রে বাসের দরজা বা জানালা দিয়ে দ্রুত বের হওয়া সম্ভব হয় না। ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নতুন নির্দেশনা অনুযায়ী, এসি বাসে স্পষ্টভাবে দৃশ্যমান ‘জরুরি বহির্গমন’ চিহ্ন থাকতে হবে এবং জরুরি পরিস্থিতিতে জানালার গ্লাস ভাঙার জন্য প্রয়োজনীয় উপকরণ রাখতে হবে।

অন্যদিকে নন-এসি বাসে জানালার মাঝ বরাবর থাকা স্টেইনলেস স্টিলের রডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব রড অপসারণ করতে বলা হয়েছে, কারণ দুর্ঘটনার সময় এগুলো যাত্রীদের বের হতে বাধা সৃষ্টি করে।

বিআরটিএ আরও জানিয়েছে, এসব নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হলে দুর্ঘটনার সময় যাত্রীদের জীবন রক্ষা সহজ হবে এবং হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। সংশ্লিষ্ট বাস মালিক ও চালকদের দ্রুত নির্দেশনা বাস্তবায়নের আহ্বানও জানানো হয়েছে।