যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

জাতীয়
যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে পৌঁছেছে
নিউজ ডেস্ক
৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আজ সোমবার সকালে দেশে পৌঁছেছে। সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ পাঠানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার টাম্পা বে এলাকায় ইসলামিক সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন। লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত ১৬ এপ্রিল লিমন নিখোঁজ হন। একই সময়ে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। পরে এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের দুটি অভিযোগ আনা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। অপরদিকে, বৃষ্টির মরদেহ খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয়। হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন ম্যানগ্রোভ এলাকায় একটি কালো পলিথিন থেকে তার দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়।

এই হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।