শপথ নিতে সংসদে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদে প্রবেশ করেছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
বুধবার (৬ মে) সকাল ১১টা ১৫ মিনিটে তিনি সংসদ ভবনে প্রবেশ করেন। দুপুর ১২টায় তার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার কার্যালয়ে শপথ বাক্য পাঠ করাবেন।
এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা। তবে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি।
পরে বিষয়টি নিয়ে উচ্চ আদালতে আবেদন করেন নুসরাত তাবাসসুম। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।


