লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

জাতীয়
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
নিউজ ডেস্ক
৭ মে ২০২৬

লিবিয়া থেকে আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৭ মে) ভোরে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়।

জানা গেছে, দেশে ফেরা অধিকাংশ বাংলাদেশি মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অনেকেই অপহরণ, নির্যাতন ও মানবেতর পরিস্থিতির শিকার হন বলে অভিযোগ রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তর এবং আইওএমের কর্মকর্তারা প্রত্যাবাসিতদের স্বাগত জানান। এ সময় তাদের অভিজ্ঞতা জনসচেতনতা তৈরিতে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।

আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের সহায়তা দেওয়া হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।