এআই প্রযুক্তির ক্যামেরা দিয়ে ঢাকায় ট্রাফিকের অটো মামলা শুরু

জাতীয়
এআই প্রযুক্তির ক্যামেরা দিয়ে ঢাকায় ট্রাফিকের অটো মামলা শুরু
নিউজ ডেস্ক
৭ মে ২০২৬

রাজধানীর সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় মামলা ব্যবস্থা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে ডিএমপির আওতাধীন এলাকায় এই ডিজিটাল প্রসিকিউশন কার্যক্রম শুরু হয়েছে।

নতুন ব্যবস্থায় সড়কে ট্রাফিক আইন ভাঙার ঘটনা সিসি ক্যামেরায় শনাক্ত হলে ভিডিও ও স্থিরচিত্রের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে মামলা রেকর্ড হবে। পরে সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকের ঠিকানায় ডাকযোগে নোটিশ পাঠানো হবে।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানিয়েছেন, এখন থেকে ট্রাফিক আইন অমান্য করলেই অটো মামলা তৈরি হবে এবং নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএমপি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে পরবর্তী ধাপে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়া হতে পারে।

এর আগে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে এআই-ভিত্তিক এই প্রযুক্তি চালু করা হয়েছে।

নতুন ব্যবস্থায় রেজিস্ট্রেশন বা ফিটনেসবিহীন যানবাহন চলাচল, অবৈধ পার্কিং, লাল সিগন্যাল অমান্য, উল্টো পথে গাড়ি চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক অপরাধ শনাক্ত করে মামলা দেওয়া হবে। এসব ক্ষেত্রে সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ও ছবি প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে।

ডিএমপি আরও জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল ও মোড়ে ইতোমধ্যে এআই-সমর্থিত ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত করে ডিজিটাল প্রসিকিউশন সম্পন্ন করছে।

এদিকে নাগরিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিসি ক্যামেরা বা ডিজিটাল মামলা সংক্রান্ত কোনো আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার না করতে। প্রতারণামূলক কোনো বার্তা পেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শ দিয়েছে ডিএমপি।