পুলিশের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা সরকারের

জাতীয়
পুলিশের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা সরকারের
নিউজ ডেস্ক
১০ মে ২০২৬

দেশের পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়টি বিবেচনায় নিয়েছে সরকার। পাশাপাশি পুলিশের চিকিৎসা সুবিধা উন্নয়নে আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

রোববার রাজারবাগে শুরু হওয়া পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’-তে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় জানানো হয়, বিশেষ নীতিমালার ভিত্তিতে অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী কনস্টেবল থেকে পরিদর্শক পর্যায়ের পুলিশ সদস্যরা ওভারটাইম ভাতা পেতে পারেন। এতে বাহিনীর সদস্যদের কাজের গতি ও মনোবল বাড়বে বলে আশা করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ কর্মঘণ্টা ও বাড়তি চাপের কারণে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে। এ কারণে কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোতে সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে আরও আধুনিক হাসপাতাল নির্মাণের কথাও ভাবছে সরকার।

তিনি আরও জানান, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন, কার্যালয় ও আবাসন সংকট নিরসনে সরকার কাজ করছে। ভূমি অধিগ্রহণ ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এছাড়া দীর্ঘদিন চাকরি শেষে অবসরে যাওয়া পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার আওতায় অনারারি পদোন্নতির প্রস্তাবও সভায় তুলে ধরা হয়। প্রস্তাব অনুযায়ী, কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতির সুযোগ রাখা হতে পারে।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। আগামী ১৩ মে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হবে।