হজে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরব-এ পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।
বুধবার (১৩ মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, মৃতদের মধ্যে ১১ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।
হেল্প ডেস্ক সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল যশোর কোতোয়ালি এলাকার মো. আব্দুল মতিন (৫৩) এবং দিনাজপুর নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪) মক্কায় মারা যান। তারা বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে গিয়েছিলেন।
এ ছাড়া ১১ মে সাভারের নুসরাত শারমীন নামে এক নারী হজযাত্রী মক্কায় মৃত্যুবরণ করেন। এর আগে ৪ মে ঠাকুরগাঁওয়ের হরিপুরের নিলুফা বেগম, ৩ মে ফরিদপুর সদর উপজেলার নাসিরউদ্দিন বিশ্বাস এবং একই দিনে চাঁপাইনবাবগঞ্জ সদরের মাহফুজা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এদিকে, ২৮ এপ্রিল মদিনায় রংপুর কোতোয়ালির শামসুল আলম, ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) এবং শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মৃত্যুবরণ করেন।
এর আগে ২৬ এপ্রিল দিনাজপুর বিরামপুরের খলিলুর রহমান এবং ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলা এলাকার সেরাজুল হক মারা যান।
এছাড়া ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের আবুল কাশেম এবং ২১ এপ্রিল জয়পুরহাট সদরের নইম উদ্দীন মন্ডল-এর মৃত্যুর খবর পাওয়া যায়।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন রয়েছেন।
গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবগামী হজ ফ্লাইট চলবে।
হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে হাজিদের দেশে ফেরার কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।


