২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

জাতীয়
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
নিউজ ডেস্ক
১৩ মে ২০২৬

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হাম-এ আক্রান্ত হয়ে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। বাকি ৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বুধবার (১৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৩ জনে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া একই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৫০ জন। অন্যদিকে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩ হাজার ৫৬ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা না গেলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে।