স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি

জাতীয়
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি
নিউজ ডেস্ক
১৮ মে ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের সমর্থিত প্রার্থীদের পক্ষে অবস্থান নিচ্ছে। এতে নির্বাচন উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। তবে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনী সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, “শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন সত্যিকার অর্থে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেটাই আমাদের লক্ষ্য।”

রাজনৈতিক দলগুলোর প্রতি সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে অনেক জায়গায় সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হওয়ায় একই পরিবার বা এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘাত দেখা যায়।

এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটার—সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। এ কারণে নির্বাচন সামনে রেখে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সবসময় আইন ও নীতির মধ্যে থেকেই কাজ করার চেষ্টা করেছে। “অনেক বড় বড় নেতা ফোনে কথা বলতে চাইলেও আমি অফিসে এসে কথা বলার নিয়ম বজায় রেখেছি,” বলেন তিনি।

সিইসি আরও যোগ করেন, আইনের প্রতি দায়বদ্ধতা এবং নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।