বিলুপ্ত হলো সুপ্রিম কোর্ট সচিবালয়, সব কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

জাতীয়
বিলুপ্ত হলো সুপ্রিম কোর্ট সচিবালয়, সব কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত
নিউজ ডেস্ক
২০ মে ২০২৬

বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে গঠিত স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করেছে সরকার। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন ও বিচার বিভাগ।

মঙ্গলবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, সদ্য গঠিত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিবসহ মোট ১৫ কর্মকর্তাকে পুনরায় আইন মন্ত্রণালয়ে প্রত্যাবর্তন করা হয়েছে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পৃথক ও স্বাধীন সচিবালয় গঠনের উদ্দেশ্যে অধ্যাদেশ জারি করা হলেও বর্তমান সরকার সেটিকে আইনে পরিণত করেনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশের সংবিধানের ২২ অনুচ্ছেদে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার কথা উল্লেখ রয়েছে। এ বিষয়ে ঐতিহাসিক ‘মাসদার হোসেন’ মামলার রায়ে আপিল বিভাগ বিচার বিভাগের প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা নিশ্চিতের নির্দেশনা দিয়েছিল।

২০২৪ সালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পরবর্তীতে বিচার বিভাগ সংস্কার কমিশনও একই সুপারিশ করে। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সচিবালয় বিলুপ্ত করা হলো।