পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রকল্পে হাত দেবে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের পানি সংকট ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় ভবিষ্যতে পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করবে বিএনপি সরকার।
বুধবার বিকেলে টঙ্গী সাতাইশ এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে বিভিন্ন ব্যারাজ নির্মাণের কারণে শুষ্ক মৌসুমে দেশের নদীগুলোতে পানির প্রবাহ কমে যাচ্ছে। এর প্রভাবে দক্ষিণাঞ্চলে সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে কৃষিজমি, জনপদ ও সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি জানান, বর্ষাকালের পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে তা ব্যবহার নিশ্চিত করতে পদ্মা ব্যারাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে তিস্তা অঞ্চলের মানুষের স্বার্থেও তিস্তা ব্যারাজ বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, সরকার ইতোমধ্যে খাল খনন কর্মসূচি শুরু করেছে। ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে এবং কৃষি ও পরিবেশ রক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ।
কক্সবাজারে সমুদ্রতীরবর্তী সড়ক নির্মাণে শতাধিক গাছ কাটার পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, গাছ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রকল্পের নকশা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।


