রামিসা হত্যাকাণ্ড: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন আইনমন্ত্রী
রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (২১ মে) তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশীর একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে।
ঘটনার পর স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। পরে প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আদালত সূত্র জানিয়েছে, তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি দিয়েছেন। তবে মামলার আরেক আসামি এখনও পলাতক রয়েছেন।
নিহত শিশুটি রাজধানীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাতে মুন্সীগঞ্জের সিরাজদীখানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।


