রামিসা হত্যার বিচার প্রক্রিয়ায় বাধার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল: পানিসম্পদমন্ত্রী

জাতীয়
রামিসা হত্যার বিচার প্রক্রিয়ায় বাধার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল: পানিসম্পদমন্ত্রী
নিউজ ডেস্ক
২৩ মে ২০২৬

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিচার নিশ্চিত হওয়া এখন সময়ের অপেক্ষা। তবে কিছু রাজনৈতিক দল এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

শনিবার (২৩ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এ জাতীয় নদী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে নোঙর ট্রাস্ট।

মন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার তদন্ত ও বিচার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, একটি দায়িত্বশীল বিরোধী রাজনৈতিক দলের কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশিত নয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধানমন্ত্রীর বিভিন্ন জনসভায় ‘ভুয়া’ স্লোগান দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড সরকার মেনে নেবে না।

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর ওপর হামলার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওই ঘটনার পেছনের বিষয়গুলোও তদন্ত করে দেখা প্রয়োজন। এ বিষয়ে তিনি এনসিপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী জানান, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই সরকার প্রকল্পটির চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করবে। তিনি বলেন, পরিকল্পনাটি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও মূল্যায়নের কাজ চলছে।

সভায় নদী ব্যবস্থাপনা, জলসম্পদ সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।