৯৯ শতাংশ শ্রমিক তাদের পাওনা বুঝে পেয়েছেন: শ্রমমন্ত্রী

জাতীয়
৯৯ শতাংশ শ্রমিক তাদের পাওনা বুঝে পেয়েছেন: শ্রমমন্ত্রী
নিউজ ডেস্ক
২৬ মে ২০২৬

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৬ মে) সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ-এ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সরকারের কঠোর নজরদারির ফলে দেশের অধিকাংশ শিল্পকারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। তার ভাষ্য, প্রায় ৯৯ শতাংশ শ্রমিক ইতোমধ্যে তাদের পাওনা বুঝে পেয়েছেন এবং স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, কিছু কারখানায় মে মাসের পূর্ণ বেতন দেওয়ার সময় এখনও না এলেও শ্রমিকদের ১৫ দিনের অগ্রিম দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের সংকট নেই বলেও দাবি করেন তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, গত ঈদেও শ্রমিকরা নির্বিঘ্নে বাড়ি ফিরেছেন এবং এবারও একই পরিস্থিতি বজায় রয়েছে। শ্রমিকদের পাওনা নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রসঙ্গে তিনি বলেন, বাস্তব পরিস্থিতি অনেকটাই ইতিবাচক এবং সরকার নিয়মিত তদারকি করছে।

বিদেশে চাকরির নামে প্রতারণার বিষয়ে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে যারা প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এ সময় উপস্থিত ছিলেন আবদুল কুদ্দুছ চৌধুরী, মো. সারওয়ার আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. বদরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।