দেশে ফের বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম

জাতীয়
দেশে ফের বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম
নিউজ ডেস্ক
৩১ মে ২০২৬

ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন ঘোষণায় পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের মূল্য আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার রাতে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন মূল্যহার সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার অকটেন বিক্রি হবে ১৪৫ টাকায়, পেট্রোল ১৪০ টাকায় এবং কেরোসিন ১৩৫ টাকায়। অন্যদিকে ডিজেলের দাম অপরিবর্তিত রেখে প্রতি লিটার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর ফলে মে মাসের তুলনায় অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বেড়েছে। গত মাসে অকটেনের দাম ছিল ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা। ডিজেলের দাম তখনও ১১৫ টাকা ছিল।

সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে প্রতি মাসে মূল্য সমন্বয় করা হয়। জুন মাসের নতুন মূল্যও সেই নীতির আওতায় নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্টরা মনে করছেন, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বৃদ্ধির ফলে পরিবহন ও কিছু খাতে পরিচালন ব্যয়ে প্রভাব পড়তে পারে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় পণ্য পরিবহন ও কৃষিখাতে তাৎক্ষণিক বড় ধরনের চাপ পড়ার আশঙ্কা কম।