মালয়েশিয়া দিয়েই শুরু হতে পারে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সফরসূচি
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর মালয়েশিয়া দিয়ে শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন তিনি। দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম রাষ্ট্রীয় সফর।
সূত্রগুলো বলছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিতব্য এ সফরে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রবাসী কল্যাণ এবং আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফরকালে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এছাড়া কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সরকারি সূত্রে জানা গেছে, নতুন সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে প্রবাসী কল্যাণ, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়গুলো সফরের অন্যতম অগ্রাধিকার হিসেবে থাকছে। একই সঙ্গে মালয়েশিয়ার সঙ্গে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), শ্রমবাজার সম্প্রসারণ, হালাল খাদ্যপণ্যের বাজার এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।
মালয়েশিয়া বর্তমানে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দেশটিতে প্রায় ৯ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। ফলে কর্মীদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও শোষণমুক্ত করার বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী ভারত অথবা চীন সফরে যেতে পারেন। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আঞ্চলিক ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং অর্থনৈতিক কূটনীতি জোরদারের অংশ হিসেবে পরবর্তী সফরগুলোর পরিকল্পনা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই নয়, নতুন সরকারের বৈদেশিক নীতির দিকনির্দেশনা নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


