ঢাকা আর বাসযোগ্য নেই, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল

জাতীয়
ঢাকা আর বাসযোগ্য নেই, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
৬ জুন ২০২৬

রাজধানী ঢাকার পরিবেশ, দূষণ ও অবকাঠামোগত সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ঢাকা শহরকে আর বাসযোগ্য মনে হচ্ছে না এবং ভবিষ্যতে শহরের বাইরে গিয়ে বসবাসের কথা ভাবছেন।

শনিবার (৬ জুন) রাজধানীর পুরানা পল্টনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে ‘দক্ষিণের জানালা’ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকার জন্য সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি হলো ভূমিকম্প। তার মতে, কোনো বড় ধরনের ভূমিকম্প ঘটলে রাজধানী ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে। একই সঙ্গে তিনি নগরীর পানি ও পরিবেশগত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, “ঘর থেকে বের হলেই দূষিত বাতাসের মুখোমুখি হতে হয়। শ্বাস নেওয়ার অক্সিজেন পর্যন্ত দূষিত হয়ে গেছে। বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠানও ক্রমেই সংকটের দিকে এগোচ্ছে।”

বুড়িগঙ্গা নদীর দূষণের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ছাত্রজীবনে তিনি নৌকায় করে বুড়িগঙ্গায় ঘুরে বেড়াতেন। কিন্তু বর্তমানে নদীটির অবস্থা এতটাই খারাপ যে সেখানে যেতেও অনীহা তৈরি হয়েছে। তার ভাষায়, নদীটির দূষণ রাজধানীর নানা সমস্যার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি শীতলক্ষ্যা নদীর অবস্থাও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

নগর উন্নয়নে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, শহরের কাঠামোগত পরিবর্তনগুলো পরিকল্পিতভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে নদী দূষণ রোধ ও নদীগুলোকে পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও প্রকল্প দৃশ্যমান নয়। তাই রাজধানীকে বাসযোগ্য রাখতে পরিবেশ ও নদী রক্ষায় অগ্রাধিকারভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।