নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন আগামী রোববার (৭ জুন) শুরু হতে যাচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশন বসবে।
জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। নতুন সরকারের অধীনে এটি প্রথম বাজেট অধিবেশন।
এর আগে গত ৭ মে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অধিবেশন আহ্বানের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে সংসদ সচিবালয়।
সংসদ সূত্রে জানা গেছে, আসন্ন অধিবেশনের প্রধান আকর্ষণ হবে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন। বাজেট পেশের পর এর ওপর বিস্তারিত আলোচনা করবেন সংসদ সদস্যরা। আলোচনা শেষে বাজেট অনুমোদনের প্রক্রিয়াও এ অধিবেশনেই সম্পন্ন হবে।
প্রতি বছর জুন মাসে অনুষ্ঠিত এ অধিবেশনকে বাজেট অধিবেশন হিসেবে বিবেচনা করা হয়। দেশের অর্থনৈতিক অগ্রাধিকার, উন্নয়ন পরিকল্পনা এবং আগামী অর্থবছরের রাজস্ব ও ব্যয় কাঠামোর রূপরেখা এতে তুলে ধরা হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়। এর পরই দ্বিতীয় অধিবেশন হিসেবে বাজেট অধিবেশন বসতে যাচ্ছে।


