অর্থনৈতিক সংকট কাটাতে লাগবে দুই বছর: অর্থমন্ত্রী
দেশের বর্তমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে অন্তত দুই বছরের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা ও অসমাপ্ত প্রকল্পের চাপ সামলাতে গিয়ে এবারের বাজেট পুরোপুরি ভারসাম্যপূর্ণ করা সম্ভব হয়নি।
রোববার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট ডায়ালগ অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, “ফ্যাসিস্ট ও আগের সরকারের ঋণের বোঝা নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পুরোপুরি পারফেক্ট নয়। তবে আমরা ধাপে ধাপে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছি। এর জন্য অন্তত দুই বছর সময় প্রয়োজন।”
অর্থমন্ত্রী আরও বলেন, সীমিত করের আওতায় থাকা জনগোষ্ঠীকে ধীরে ধীরে ট্যাক্স নেটের মধ্যে আনা হবে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে তিনি আশ্বস্ত করেন।
বিগত সরকারের প্রকল্প ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ১,৩০০টি প্রকল্প রাজনৈতিক স্বার্থে গ্রহণ করা হয়েছিল, যার অনেকগুলোই এখন বাতিল করা হয়েছে। এছাড়া কিছু প্রকল্প ৬০ থেকে ৮০ শতাংশ সম্পন্ন হলেও বাস্তব অর্থে সেগুলোর কার্যকারিতা নেই বলে মন্তব্য করেন তিনি।
ব্যাংকিং খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, উচ্চ সুদের হারের কারণে বেসরকারি খাত চাপের মধ্যে রয়েছে। লোকাল ব্যাংক থেকে ১১ থেকে ১৩ শতাংশ সুদে ঋণ নিয়ে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। সরকার ধীরে ধীরে এই নির্ভরতা কমানোর পরিকল্পনা করছে বলেও জানান তিনি।
এ সময় ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, যোগ্য কোনো পরিবারই এ সুবিধা থেকে বাদ যাবে না। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং প্রকৃত যোগ্যতার ভিত্তিতেই সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে।
অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান সংস্কার ও নীতিগত পরিবর্তনের মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল পর্যায়ে পৌঁছাবে।


