বাংলা কিউআর বাধ্যতামূলক, ১ জুলাই থেকে নতুন নিয়ম
বাংলাদেশে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও একীভূত করতে আগামী ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর (Bangla QR) ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের ফলে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করেই বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের (এমএফএস) গ্রাহকরা সহজে অর্থ পরিশোধ করতে পারবেন।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে জাল নোট, ছেঁড়া-ফাটা টাকা এবং খুচরা অর্থের সংকটজনিত ভোগান্তি কমানোর পাশাপাশি নগদ টাকার ব্যবহারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রাথমিকভাবে সব নতুন ও নবায়ন করা ট্রেড লাইসেন্সধারী প্রতিষ্ঠানে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হবে। পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, হাসপাতালের বিল, পরিবহন টোল, সরকারি ফি ও অন্যান্য সেবার অর্থ পরিশোধেও এই ব্যবস্থা চালু করা হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ধাপে ধাপে বাংলা কিউআর চালুর মাধ্যমে একটি সমন্বিত ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলাই কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য।
তবে অর্থনীতিবিদরা বলছেন, শুধু প্রযুক্তিগত অবকাঠামো তৈরি করলেই হবে না; এই উদ্যোগ সফল করতে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল আর্থিক লেনদেন সম্পর্কে সচেতন ও দক্ষ করে তুলতে হবে। তাদের মতে, দীর্ঘমেয়াদি আর্থিক শিক্ষার মাধ্যমে ফিন্যান্সিয়াল লিটারেসি বাড়ানো গেলে বাংলা কিউআর দেশের ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সংশ্লিষ্টদের বিশ্বাস, কার্যকর বাস্তবায়ন ও ব্যবহারকারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাংলা কিউআর দেশের ক্যাশলেস লেনদেন ব্যবস্থায় একটি বড় পরিবর্তনের সূচনা করবে।


