১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ১০ লেনে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে দেশের প্রতিটি বিভাগীয় শহরে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার কাজ বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে সড়ক যোগাযোগ আরও গতিশীল হবে এবং যানজট কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, কুমিল্লাসহ প্রতিটি বিভাগীয় শহরে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে একটি করে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কমপ্লেক্সে বিকেএসপির আদলে খেলাধুলা ও প্রশিক্ষণের আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে।
সমাবেশে কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুসহ জেলার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।


