সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি বলেন, এমন ঘটনায় সরকারের দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, সাভারের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং সরকার এর নিন্দা জানায়। তিনি বলেন, নাহিদ ইসলাম রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, যা দেওয়ার অধিকার তার রয়েছে। তবে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করেন তিনি।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করার বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, ঘটনার ২৪ ঘণ্টাও পূর্ণ হয়নি। তদন্তের একটি প্রক্রিয়া রয়েছে এবং সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তদন্ত শেষে জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, কোনো রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও বিচ্ছিন্ন অঘটন ঘটতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার ঘটনাটিকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বর্তমান সরকার এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সাভারের ওই বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, প্রশাসনের সহায়তায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে এবং সমাবেশস্থলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বোমা বিস্ফোরণের মাধ্যমে হত্যাচেষ্টার পরিকল্পনা করা হয়েছিল।

