সংবিধানে পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জাতীয়
সংবিধানে পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
৯ জুলাই ২০২৬

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ আনা কয়েকটি বিধানকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের পর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহাল হয়েছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, ড. বদিউল আলম মজুমদারসহ আপিলকারীদের করা আপিলগুলো খারিজ করে দেওয়া হয়েছে। ফলে পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, সেটিই বহাল থাকছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২০১১ সালের ৩০ জুন পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ সংবিধানের ৫৪টি অনুচ্ছেদ ও বিধানে পরিবর্তন আনা হয়।

২০২৪ সালে সরকার পরিবর্তনের পর সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ ধারাকে সংবিধানবিরোধী ঘোষণা করে বাতিল করেন।

পরে ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হলে টানা তিন দিনের শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেন। এই রায়ের মাধ্যমে দেশের নির্বাচনব্যবস্থা ও সাংবিধানিক কাঠামো নিয়ে নতুন আইনি বাস্তবতা তৈরি হলো বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।