চলতি অর্থবছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ৪১ লাখ পরিবার
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে এই সংখ্যা ৪ কোটিতে উন্নীত করা হবে।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলায় ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের প্রতিটি উপজেলায় সাত হাজার পরিবারের নারী সদস্যদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সরকারের লক্ষ্য, পাঁচ বছরের মধ্যে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ৪ কোটি পরিবারের নারী সদস্যদের এই কর্মসূচির আওতায় নিয়ে আসা।
তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে এবং ইতোমধ্যে এর বাস্তবায়ন শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের সমর্থন থাকলে বিএনপি দেশের স্বার্থে কাজ করে যাবে এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে।
শিক্ষা খাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রথম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারীদের জন্য বিনা বেতনে শিক্ষার সুযোগ নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচিও চালু করা হবে বলে জানান তিনি।
এর আগে সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে তার গাড়িবহর গৌরনদীতে পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা তাকে স্বাগত জানান।


