‘এরা তো ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে’
টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে যখন শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর বিরুদ্ধে সমালোচনা তুঙ্গে, তখন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে এক পরীক্ষার্থীর সঙ্গে আলাপকালে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’ সোমবার (১৩ জুলাই) রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই মন্তব্যটিকে শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর বলে আখ্যা দিয়েছেন।

জানা গেছে, রাজধানীর সিটি কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক হোয়াটসঅ্যাপ কলে শিক্ষামন্ত্রীর সঙ্গে মেয়ের কথা বলার ব্যবস্থা করেন। রোববার (১২ জুলাই) রাতে হওয়া ওই কথোপকথন অন্য একটি মোবাইল ফোনে ধারণ করা হয়, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
কথোপকথনে শিক্ষামন্ত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবে পরীক্ষা স্থগিতের পক্ষে ছিলেন। তবে জেলা প্রশাসক ও আবহাওয়া অধিদপ্তরের মতামতের ভিত্তিতে ধারণা করা হয়েছিল যে পরদিন বৃষ্টি হবে না। সে কারণেই পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী নেওয়ার সিদ্ধান্ত হয়।
জবাবে ওই শিক্ষার্থী মন্ত্রীকে জানান, বৃষ্টিতে ভিজে ইতোমধ্যে অনেক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষ করে ইংরেজি দ্বিতীয়পত্র ও আইসিটি পরীক্ষার দিন ভারী বৃষ্টির কারণে অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন।
এ সময় পরীক্ষার রুটিন নিয়েও অভিযোগ করেন শিক্ষার্থী। উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞানের মতো বিষয়গুলোর পরীক্ষার আগে মাত্র একদিন বিরতি থাকায় প্রস্তুতির জন্য সময় অপ্রতুল বলে উল্লেখ করেন তিনি।
এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা করেই রুটিন চূড়ান্ত করা হয়েছে এবং আপত্তি এলে তা পরিবর্তনের সুযোগও রাখা হয়েছিল। তিনি আরও দাবি করেন, প্রথমে সকাল-বিকেল পরীক্ষা নিয়ে দ্রুত শেষ করার পরিকল্পনা থাকলেও শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষার মাঝে একদিন করে বিরতি রাখা হয়েছে।
এদিকে, বৃষ্টির মধ্যেও পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত এবং ভাইরাল হওয়া মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা আরও জোরালো হয়েছে। অনেক পরীক্ষার্থী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছেন।
তবে ভাইরাল ভিডিও ও মন্তব্যের বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আনুষ্ঠানিক বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

