বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়
বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী
১৫ জুলাই ২০২৬

বর্তমান সরকার প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রশ্নোত্তর পর্বে আনোয়ারুল ইসলাম বলেন, অতীতে বিভিন্ন সরকারের আমলে দলীয় বিবেচনায় মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও বাদ দেওয়ার অভিযোগ রয়েছে। স্বাধীনতার ৫৫ বছর পরও জাতি প্রকৃত মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা পায়নি উল্লেখ করে তিনি জানতে চান, বর্তমান সরকারের এ বিষয়ে কোনো পরিকল্পনা রয়েছে কি না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। তিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিএনপি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর দায়িত্ববোধে বিশ্বাস করে। স্বাধীনতার পর যাদের নিরপেক্ষ ও সঠিক মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নের দায়িত্ব ছিল, তারা তা যথাযথভাবে সম্পন্ন করতে পারেননি। পরবর্তী সময়েও বিভিন্ন কারণে এ তালিকা প্রণয়নে জটিলতা সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে একটি নির্ভুল, পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নের জন্য কাজ করছে। সেই তালিকা জাতির সামনে প্রকাশ করা হবে।