‘এই আন্দোলনে অনেকে ছাত্র নন, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল’—স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
‘এই আন্দোলনে অনেকে ছাত্র নন, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল’—স্বরাষ্ট্রমন্ত্রী
১৬ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি শিক্ষার্থীদের ব্যানারে চলমান আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন এবং কিছু মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে। তার ভাষ্য, ঢাকাসহ কয়েকটি স্থানে সীমিত পরিসরে এ ধরনের কর্মসূচি দেখা গেলেও আন্দোলনের পরিধি খুব বেশি নয়।

তিনি বলেন, কিছু গোষ্ঠী বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে নিজেদের পরিচয় গোপন রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী নন বলেও দাবি করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ও একই ধরনের আন্দোলনের প্রবণতা দেখা গিয়েছিল।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। পাশাপাশি তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে।

এ সময় তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।