শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হওয়ায় দেশের শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তবে এ সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিটিএমএ সভাপতি।
শওকত আজিজ রাসেল বলেন, দেশের টেক্সটাইল খাত বর্তমানে যেসব সমস্যার মুখোমুখি, প্রধানমন্ত্রী সেগুলো বোঝার এবং সমাধানের চেষ্টা করছেন। শিল্পের সংকট কাটাতে সরকারের আন্তরিকতায় টেক্সটাইল খাতের উদ্যোক্তারা নতুন করে আশাবাদী ও উৎসাহিত হয়েছেন।
তিনি আরও জানান, গ্যাস সংকটসহ বিভিন্ন সমস্যায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া কিংবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর প্রয়োজনীয় সহায়তা নির্ধারণে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।
প্রতিবেদনের মাধ্যমে কোন কারখানা কী ধরনের সংকটে রয়েছে এবং সেগুলো সচল রাখতে কী পরিমাণ সহায়তা প্রয়োজন—তা চিহ্নিত করা হবে বলে জানান বিটিএমএ সভাপতি।


