সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
বুধবার (২৯ জুলাই) ঢাকার সিআইডি সদর দপ্তরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির মুখপাত্র ও অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব।
দায়িত্ব গ্রহণের সময় সিআইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নবনিযুক্ত প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বিভাগের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়।
সিআইডির দায়িত্ব নেওয়ার আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এনএসআইয়ে কর্মরত থাকাকালে তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পান।
১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সিআইডি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), র্যাব, পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেন।
এ ছাড়া মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্কে ফরেনসিক, অপরাধ তদন্ত এবং আধুনিক পুলিশিংবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সম্মেলনে অংশ নিয়ে পেশাগত দক্ষতা অর্জন করেছেন তিনি।


