প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

জাতীয়
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা
২৯ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প-সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ব্যবস্থা শক্তিশালী করা, জাতীয় টাস্কফোর্স গঠন এবং ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় জরুরি সেবা দিতে ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সম্ভাব্য ভূমিকম্পের পর জরুরি উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় সরকারের সার্বিক প্রস্তুতি জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হবে। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনাও রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের একটি ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। দ্রুত বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবককে অন্তর্ভুক্ত করে লক্ষ্যমাত্রা পূরণের উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে ভূমিকম্পের ঝুঁকি ও করণীয় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি-সংক্রান্ত একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সম্ভাব্য দুর্যোগের সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়েও আলোচনা করা হয়। ঢাকা শহরে হিউম্যানিটারিয়ান স্টেজিং এরিয়া (এইচএসএ) স্থাপনের বিষয়টিও সভায় গুরুত্ব পায়।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।