সব বন্দর ও এয়ারপোর্ট ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি আনতে এবং বেসরকারি খাতের ব্যবসায়িক জটিলতা কমাতে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়। খুব শিগগিরই এটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, ব্যবসায়ীদের সুবিধা বাড়ানো এবং দেশের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের প্রতিটি বন্দরে দিন-রাত নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, পরিবহন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো একযোগে কাজ করবে।
সরকারের আশা, সার্বক্ষণিক বন্দরসেবা চালু হলে পণ্য খালাস ও সরবরাহের সময় কমবে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত হবে এবং ব্যবসায়ীদের দীর্ঘসূত্রতা ও নানা ধরনের জটিলতা কমবে।
সম্প্রতি শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বেসরকারি খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, বিনিয়োগ বাড়ানো এবং দেশের বাণিজ্যিক সক্ষমতা জোরদারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে ২৪ ঘণ্টা বন্দর কার্যক্রম কার্যকর করতে বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি কাস্টমস, নিরাপত্তা, পরিবহন, ব্যাংকিং এবং অন্যান্য সহায়ক সেবাও সার্বক্ষণিক চালু রাখতে হবে।
সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রুত সমন্বয় করে দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।


