আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

জাতীয়
আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী
১ আগস্ট ২০২৬

আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।

শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ড. মাহদী আমিন বলেন, বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করার পথচলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। পাশাপাশি দুই দেশের সম্পর্ককে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন পর্যায়ে নিয়ে যেতে ওয়াশিংটন আগ্রহ প্রকাশ করেছে।

ব্রিফিংয়ে মাহদী আমিন জানান, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিদেশি বিনিয়োগ এবং জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও রাষ্ট্রীয় কাঠামোর দুর্বলতার কারণে বিদ্যুৎ ও গ্যাস খাতে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ এবং জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ও মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় উঠে আসে।

বিনিয়োগবান্ধব পরিবেশে জোর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বেসরকারি খাতের বিকাশে সরকার নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতা কমাতে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।

এ লক্ষ্যে সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বন্দরগুলোতে ২৪ ঘণ্টা সেবার প্রস্তুতি

মাহদী আমিন বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ২৪ ঘণ্টা সেবা চালুর বিষয়েও আলোচনা হয়েছে।

প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে শিগগিরই এ ব্যবস্থা চালু করা হবে বলে জানান তিনি।

তার মতে, সার্বক্ষণিক বন্দরসেবা চালু হলে পণ্য পরিবহন ও খালাসের সময় কমবে, ব্যবসায়িক ব্যয় হ্রাস পাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।

শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান, একই দিনে দেশের প্রথম সারির কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্প উৎপাদন বৃদ্ধি, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, রপ্তানি সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে অর্থনীতিকে আরও গতিশীল করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে বলে জানান তিনি।

ড. মাহদী আমিন বলেন, দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে রাষ্ট্রীয় সেবার মান উন্নয়ন, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা এবং দেশের বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এসব উদ্যোগ বাস্তবায়ন আরও সহজ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।