অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী
দেশের চলমান গ্যাস সংকট থেকে স্থায়ীভাবে উত্তরণে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে একটি কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের জ্বালানি সংকটের চ্যালেঞ্জ এখন স্পষ্ট। এই পরিস্থিতি থেকে স্থায়ীভাবে বেরিয়ে আসতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে যে সময় দরকার, তা দিতে হবে। তবে সংকটকালীন পরিস্থিতি সামাল দিতে সরকার প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
তিনি বলেন, ‘অবকাঠামো তৈরি করে এই সংকট থেকে বের হতে বছর দুয়েক সময় লাগবে। তবে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রচলিত ধ্যান-ধারণার বাইরে গিয়ে কাজ করছি।’
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টা চলছে। দ্রুত সরবরাহ বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে গ্যাসের চাহিদা পূরণে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, তাৎক্ষণিক সংকট মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি বারবার তৈরি না হয়, সে জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।

