রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
১৬ আগস্ট ২০২৬

আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কনফারেন্স কক্ষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র যাচাই শেষে তা বৈধ ঘোষণা করা হয়। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু উপস্থিত ছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে সকাল ১১টার দিকে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করে ইসি।

ইসি সূত্রে জানা গেছে, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে বৈধ প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর প্রার্থীরা চাইলে আগামী ১৮ আগস্ট বিকেল ৪টার মধ্যে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।