চলতি অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচ নির্বাচন: মীর শাহে আলম

জাতীয়
চলতি অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচ নির্বাচন: মীর শাহে আলম
১৮ আগস্ট ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার বিভাগের আওতাধীন পাঁচ ধরনের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর মধ্যে রয়েছে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। চলতি অর্থবছরে এসব নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। এ জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি জানান, নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত দুই দশকে দেশে প্রত্যাশিত উন্নয়ন হয়নি মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতির একটি ভঙ্গুর সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার সৌন্দর্যবর্ধনেও কাজ করা হচ্ছে।

ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে বৃক্ষরোপণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানেও একই ধরনের কার্যক্রম নেওয়া হবে। যেসব এলাকায় ময়লা-আবর্জনা জমে আছে, সেগুলো পরিষ্কার করে সেখানে গাছ লাগানো ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।