ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের নিরাপত্তা জোরদার

জাতীয়
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের নিরাপত্তা জোরদার
২৫ আগস্ট ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আগামীকাল বুধবার (২৬ আগস্ট) ধর্মীয় এ অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, ঈদে মিলাদুন্নবীর বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে হামলা, নাশকতা কিংবা অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্তসংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। ঝুঁকি বিবেচনায় বিভিন্ন অনুষ্ঠানস্থলে পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি প্রয়োজনীয় স্থানে আগাম নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে বিতর্কিত ও উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সতর্ক নজরদারি রাখা হচ্ছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি শনাক্তে সাইবার পেট্রোলিং বিশেষভাবে জোরদার করা হয়েছে।

র‍্যাব দেশবাসীকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম চোখে পড়লে তা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।