পুলিশের উচ্চপর্যায়ে বড় পরিবর্তন, নতুন দায়িত্বে ১৭ কর্মকর্তা

জাতীয়
পুলিশের উচ্চপর্যায়ে বড় পরিবর্তন, নতুন দায়িত্বে ১৭ কর্মকর্তা
২৫ আগস্ট ২০২৬

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। র‍্যাব, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা (এসবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রংপুর মহানগর পুলিশসহ গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের কথা জানানো হয়।

এক প্রজ্ঞাপনে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে। এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে।

অন্য এক প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির উপকমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার করা হয়েছে।

নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে আগের দুটি বদলি আদেশ বাতিল করা হয়েছে। ২০২৫ সালের ১১ ডিসেম্বর জারি করা আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দপ্তরে বদলির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। পাশাপাশি গত ৫ মে জারি করা ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।

এ ছাড়া পুলিশ সুপার পদমর্যাদার আরও নয় কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। তাদের মধ্যে এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং আরপিএমপির উপকমিশনার মো. আবদুর রহমানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে।

পিবিআইয়ের পুলিশ সুপার মো. জাফর হোসেন ও মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডিতে বদলি করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।

পিবিআইয়ের পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে। আর সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব রদবদল কার্যকর করা হয়েছে।