রাজনৈতিক হয়রানির শিকার কাউকে জেলে রাখা হবে না: শামা ওবায়েদ
কোনো দলের নেতাকর্মীই যেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে কারাগারে বা আটক না থাকেন, তা বর্তমান সরকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, মানবাধিকার রক্ষায় সরকার সচেষ্ট এবং জনগণের কাছে দায়বদ্ধ। আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্য কোনো দলের নেতাকর্মী—রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে কারাগারে বা আটক না থাকেন, সেটিই সরকারের অবস্থান।
তিনি বলেন, ‘বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, যে দলেরই হোক, অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিশোধের কারণে কেউ যেন জেলে না থাকে, আটক না থাকে, সেটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে।’
সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষের ব্যক্তিদের অনির্দিষ্টকাল ধরে বিনা বিচারে কারাগারে আটকে রাখার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ। এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, দেশের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি। এ সময় বিএনপি ও দলটির নেতাকর্মীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন বলেও দাবি করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, সরকার কোনোভাবেই অতীতের মতো পরিস্থিতি ফিরে আসতে দিতে চায় না। প্রত্যেক নাগরিকের ন্যূনতম মানবাধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, ওই সময় সংঘটিত হত্যাকাণ্ড এবং গুম-খুনের নির্দেশদাতাদের বিরুদ্ধে দায়ের করা অনেক মামলা আইনগতভাবে যথাযথ।
তবে এর বাইরে ‘অতি উৎসাহী’ হয়ে কিছু মামলা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এসব মামলা আইন মন্ত্রণালয় পর্যালোচনা করবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পর্যালোচনায় কোনো মামলার সত্যতা বা যথেষ্ট ভিত্তি পাওয়া না গেলে সেসব মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


