সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল, প্রথম ধাপের ভোট ডিসেম্বরে

জাতীয়
সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল, প্রথম ধাপের ভোট ডিসেম্বরে
২৭ আগস্ট ২০২৬

আগামী সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আর চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজন হলে তফসিল অক্টোবরে ঘোষণা করা হতে পারে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

সিইসি জানান, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় ৪০ মিনিটের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় নির্বাচনকে বিশ্বাসযোগ্য, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছে কমিশন। জবাবে ইসিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

যেসব বিষয় বিবেচনায় ইসির

স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে বার্ষিক পরীক্ষা, দুর্গাপূজা, আগামী বছরের শুরুতে রমজান এবং এরপর এসএসসি পরীক্ষা।

এসব বিষয় বিবেচনায় নিয়ে ভোটের সময়সূচি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সিইসি।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রস্তুতি

এদিকে রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনটি নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করেছে। এই আসনে উপনির্বাচন আয়োজনের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট বছরের শেষ নাগাদ আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে, অল্প সময়ের ব্যবধানেই জাতীয় পর্যায়ের উপনির্বাচন ও স্থানীয় নির্বাচন—দুই ধরনের ভোটের প্রস্তুতি নিতে হবে নির্বাচন কমিশনকে।