ভূমি ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে চায় সরকার

জাতীয়
ভূমি ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে চায় সরকার
২৮ আগস্ট ২০২৬

ভূমি ব্যবস্থাপনাকে শতভাগ দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। একই সঙ্গে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় ভূমি মন্ত্রণালয়ে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। যোগ্যতার ভিত্তিতে মেধাবী তরুণরা দেশসেবার সুযোগ পেয়েছেন। এই স্বচ্ছতার মর্যাদা ধরে রাখতে কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভূমি ব্যবস্থাপনার জটিলতার কথা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন সময়ে ভূমি সংক্রান্ত আইন ও মালিকানায় পরিবর্তন এসেছে। ফলে এ খাতে নানা জটিলতা তৈরি হয়েছে। এসব সমস্যা কমাতে সনাতন পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ও স্বয়ংক্রিয় সেবা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমি সেবাকে আরও সহজ ও নাগরিকবান্ধব করতে ডিজিটালাইজেশনের কাজ চলছে। এর ফলে মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় ভূমি সেবা গ্রহণ করতে পারবেন।

তিনি জানান, প্রবাসীদের জন্য +৮৮০৯৬১২৩১৬১২২ এবং দেশের অভ্যন্তরে ১৬১২২ নম্বরে ২৪ ঘণ্টার কলসেন্টার সেবা চালু রয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সব জেলা কার্যালয়ে ভূমি সেবা কেন্দ্র স্থাপনের কাজও এগিয়ে চলছে।