মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় মঙ্গলবার

জাতীয়
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় মঙ্গলবার
১৪ সেপ্টেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায় ঘোষণা করা হবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং যুবলীগ ও ছাত্রলীগের চার নেতা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। এর আগে গত ১৮ আগস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।

মামলার অপর আসামিরা হলেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে প্রসিকিউশন। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশও চাওয়া হয়েছে।

প্রসিকিউশনের অভিযোগ, জুলাইয়ের আন্দোলন দমনে রাষ্ট্রীয় বিভিন্ন বৈঠকে মানুষ হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হয়েছিল। মামলায় দাখিল করা বিভিন্ন অডিও-ভিডিওতে এসব পরিকল্পনার প্রমাণ রয়েছে বলেও দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

প্রসিকিউশনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের ভাষ্য, ওই নির্দেশের পর ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয়।

এখন ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি ধাপ শেষ হতে যাচ্ছে। মঙ্গলবার সাত আসামির বিরুদ্ধে আনা অভিযোগে আদালত কী সিদ্ধান্ত দেন, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।