স্থানীয় সরকার নির্বাচন ৭ ধাপে, ভোট শুরু ১২ নভেম্বর
আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি ইউপি নির্বাচনের ধাপ ও সম্ভাব্য সময়সূচি নিয়ে এ তথ্য জানান।
ইসি সানাউল্লাহ বলেন, সারা দেশে মোট সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউপি নির্বাচন হবে আগামী ১২ নভেম্বর।
তিনি জানান, চট্টগ্রাম ও কুমিল্লা জেলায় প্রথম ধাপে তিনটি করে উপজেলা রাখা হয়েছে। এ দুই জেলায় উপজেলার সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া যেসব জেলায় ১০টি বা তার বেশি উপজেলা রয়েছে, সেসব জেলার দুটি করে উপজেলা প্রথম ধাপে নির্বাচন আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে প্রথম ধাপে ৮০টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার বলেন, আদালতের রায়ের কারণে দুটি উপজেলাতেও নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি বেশি সংখ্যক উপজেলা রয়েছে—এমন জেলাগুলোতে আনুপাতিক হারে সমন্বয় করে প্রথম ধাপের উপজেলা নির্ধারণ করা হয়েছে।
ইসি সানাউল্লাহ আরও জানান, পরবর্তী ধাপগুলোর ভোটও পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপের ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপের ১৭ জানুয়ারি এবং পঞ্চম ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি।
তিনি বলেন, ষষ্ঠ ও সপ্তম ধাপকে তুলনামূলকভাবে হালকা রাখা হয়েছে। ষষ্ঠ ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট ২৭ মে নির্ধারণ করা হয়েছে।
এভাবে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তফসিল ঘোষণার মাধ্যমে প্রতিটি ধাপের বিস্তারিত সময়সূচি জানানো হবে।


