মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া অ্যাকাউন্ট, সতর্ক করল ঢাকার দূতাবাস
মার্কিন কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি করা ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এসব অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে অর্থ বা ব্যক্তিগত আর্থিক তথ্য হারানোর ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।
দূতাবাস জানায়, প্রতারকরা মার্কিন কূটনীতিকদের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল তৈরি করতে পারে। পরে এসব অ্যাকাউন্ট থেকে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে অর্থ, উপহার কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হতে পারে।
এ ধরনের প্রতারণা ঠেকাতে দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, তাদের কোনো কর্মী অনলাইনে কারও কাছে অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না।
ফলে মার্কিন কূটনীতিকের পরিচয়ে পরিচালিত কোনো অ্যাকাউন্ট থেকে এ ধরনের অনুরোধ এলে সেটিকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
‘সাড়া দেবেন না, টাকা পাঠাবেন না’
ফেসবুক পোস্টে সাধারণ মানুষের জন্য বিশেষভাবে দুটি পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। ভুয়া অ্যাকাউন্ট থেকে আসা এমন কোনো বার্তার জবাব না দেওয়া এবং কোনো অবস্থাতেই টাকা না পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
দূতাবাসের ভাষায়, ‘সাড়া দেবেন না। টাকা পাঠাবেন না।’
একই সঙ্গে অনলাইনে ব্যক্তিগত আর্থিক তথ্য শেয়ার না করার বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
মার্কিন কূটনীতিকদের নাম, ছবি বা পরিচয় ব্যবহার করে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে যোগাযোগ করা হলে পরিচয় ও তথ্য যাচাই ছাড়া তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।


